কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সম্পন্ন করেছে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস। এখন তারা অপেক্ষায় রয়েছে ইসরায়েলের সঙ্গে সপ্তাহান্তের আলোচনা থেকে মধ্যস্থতাকারীরা কি প্রস্তাব আনে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, গাজায় একটি যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার করেছে মধ্যস্থতাকারীরা। এছাড়াও রাফাহ শহরে ইসরায়েলি হামলা বন্ধ করতে চাইছে তারা। সেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েল বলেছে, শিগগির কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলে তারা রাফাহ শহরে হামলা চালাবে। অবশ্য ওয়াশিংটন তার ঘনিষ্ঠ মিত্রকে সেখানে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। যেহেতু শহরটিতে হামলা চালালে ব্যাপক হারে বেসামরিকরা হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামাস প্রধান ইসমাইল হানিয়াহ গত সপ্তাহে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রোতে গিয়েছিলেন। সেখানে তিনি মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেন। সেই ধারাবাহিকতায় প্যারিসে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নেবে ইসরায়েল। তবে প্যারিসে যুদ্ধবিরতি নিয়ে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইসরায়েল প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।