আট বছর প্রেমের পর ২০১৯ সালের ২৫ জুন ফাইরুজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। কলেজজীবন থেকে তাদের বন্ধুত্ব, তারপর দুজনের ভালো লাগা, এরপর প্রেম। দুই পরিবারের সম্মতিতে বেশ ঘটা করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তবে, বিয়ের কিছু দিন যেতে না যেতেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে শোবিজপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল। বছর না ঘুরতেই তারা আলাদা হয়ে যান বলে শোনা গেছে! এরপর তারা বিচ্ছেদের পথে হাঁটেন। কিন্তু এ নিয়ে কোথাও কোনো মন্তব্য করেননি। অনেকটা গোপনে বিবাহবিচ্ছেদ করেন।
তার বিচ্ছেদের খবর সামনে এলো নতুন খবরে। গতকাল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে নতুন বিয়ের খবর দেন এই অভিনেতা। জানান, রাইসা ইসলামের সঙ্গে নতুন সম্পর্কে, অর্থাৎ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
তামিমের বিয়ের খবর বেশ অবাক করেছে ভক্তদের। দীর্ঘদিনের প্রেমিকা ফাইরুজ ইয়াসমিনকে বিয়ের পর সেই বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানানোয় বেশ অবাক হয়েছেন ভক্তরা।
এ বিষয়ে কিছু স্পষ্ট না করলেও ফেসবুকে তামিম লিখেছেন, ‘আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম, সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।’
নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, ‘রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে সে সময় তামিম মৃধা জানিয়েছিলেন, কলেজ লাইফ থেকে ফাইরুজের সঙ্গে আমার পরিচয়। আমি তখন দ্বিতীয় বর্ষে পড়ি আর ও (ফাইরুজ) তখন প্রথম বর্ষে। তখন থেকেই নিজেদের মধ্যে পরিচয়, বন্ধুত্ব, তারপর প্রেম। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করেছি। আরও আগেই হয়তো হয়ে যেত কিন্তু দুজনই চেয়েছিলাম নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। যার জন্য একটু সময় নিয়েছিলাম। নিজের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছি এটাই সবচেয়ে আনন্দের। প্রসঙ্গত, তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে।