চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। এ ছাড়া দিনাজপুরের হাকিমপুরে এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর উপজেলার শিকলবাহা এলাকার একটি কমিউনিটি সেন্টারে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর মো. আরিফ ও কনের বাবা জসিম উদ্দিনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনের বাড়ি উপজেলার শিকলবাহা গ্রামে।
১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেবেন না মর্মে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
দিনাজপুরের হাকিমপুরে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে দেওয়ায় কনের বাবা রাজু আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে তার স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতে রাজু আহমেদকে জরিমানা করেন।
লায়লা ইয়াসমিন বলেন, ‘ঘনশ্যামপুর এলাকায় এক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার সকালে কনের বাড়িতে অভিযান চালানো হয়। আমরা যাওয়ার আগেই কিশোরীর বিয়ে সম্পন্ন হয়েছে বলে কনের বাবা রাজু আহমেদ স্বীকার করেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কিশোরীকে বিয়ে দেওয়ায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু বিয়ে হয়ে গেছে তাই প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই কিশোরী স্বামীর সঙ্গে সংসার করতে পারবে না। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কিশোরীকে তার স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’