ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানের পায়েস খেয়ে অসুস্থ ৪০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামে ঘটনাটি ঘটে।
ওই পায়েস রান্না করতে গিয়ে বাবুর্চি ভুলে চিনি ভেবে তাতে কীটনাশক দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈন সরকার অসুস্থ ৪০ জনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেলের বিয়ের অনুষ্ঠানের রান্নার জন্য করা বাজারের সঙ্গে ক্ষেতে ব্যবহারের জন্য কীটনাশকও (থিয়োভিট) ছিল। বাড়িতে এনে ওই কীটনাশক আর আলাদা করা হয়নি। বাবুর্চি পায়েস রান্না করার সময় চিনি ভেবে তাতে কীটনাশক দিয়ে দেন।
দুপুরে বিয়েতে আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে পায়েস খেয়ে ৪০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে ভুলে ঘটনাটি ঘটেছে।