দ্বন্দ্ব মেটাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে এসে দুপক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব মেটাতে গিয়ে হাতের ধাক্কায় রওশন আরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে যাদুর তাইড় চৌধুরীপাড়া এলাকায় বিয়েবাড়িতে আহত হন তিনি। ওই বৃদ্ধা মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, যাদুর তাইড় চৌধুরীপাড়ার আবদুল ওহাব মিয়ার ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠান  দেখতে আসেন রওশন আরা বেগম। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশেদ মিয়ার লোকজন ও একই গ্রামের সমাপ্ত ইসলামের সঙ্গে দ্বন্দ্ব লাগে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সময় রওশন আরা উভয় পক্ষকে থামাতে গিয়ে আহত হন।