ঢাবি ভিসি বললেন

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে

অনলাইনের মাধ্যমে একদল প্রতারক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, বাস্তবিকপক্ষে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। এই সুযোগও নেই।

গতকাল বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতারক চক্র ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক, যারা এ সম্পর্কে জানেন না তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এজন্যই তারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়াচ্ছে।

উপাচার্য বলেন, ‘আপনাদের অনেক সাংবাদিকও তাদের সঙ্গে কথা বলেছেন। সেই চক্রটি প্রশ্নের বিনিময়ে আপনাদের কাছ থেকেও অগ্রিম টাকা চাচ্ছে। এ পর্যন্ত এই চক্রের হাতে প্রতারিত হয়েছেন এমন কোনো অভিযোগ আমরা পাইনি।’ সবাইকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার কথা জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমরা আশা করি, খুব দ্রুতই চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবে।’

উপাচার্য জানান, এই ভর্তি পরীক্ষায় ঢাকাসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।