রাজধানীতে ফাল্গুনী পূর্ণিমায় হলো বসন্তবরণ উৎসব। নাচ, গান ও কবিতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘সুরের ধারা’ পরিবারের আয়োজনে লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। জমকালো আয়োজনের অন্যতম স্পন্সর ছিল রূপায়ণ সিটি উত্তরা।
ঋতুরাজের আবাহনে ছিল এক সংগীত-নৃত্য মুখরিত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। দখিনা বায়ুর স্মিত প্রবাহে ব্যাকুল বসুন্ধরার সাজের সঙ্গে মিলিয়ে সুরের ধারার শিল্পীরা বসন্তবরণের ডালা সাজিয়েছিলেন নাগরিক জীবনের নানা ব্যস্ততা, বেদনা ও যন্ত্রণার আর্তি থেকে ক্ষণিক মুক্তির প্রত্যাশায়।
লালমাটিয়ার বাসিন্দা সাফায়াত হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘একের পর এক বসন্তের গান শুনতে পেরে বেশ ভালোই লাগছে। নানা ব্যস্ততায় প্রায় ভুলেই গিয়েছিলাম বসন্তের কথা। কিন্তু এখানে এসে ফের মনে হলো বসন্তের কথা।’
ধানমন্ডি এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে এলাম বসন্তবরণের গান শুনতে। পুরনো সব গান শুনে ভালো লাগল।’
সুরের ধারা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা দেশ রূপান্তরকে বলেন, ‘চার বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। পূর্ণিমার চাঁদকে সঙ্গে নিয়ে এই জায়গায় অনুষ্ঠানটি করে বেশ ভালো লাগছে। আর দর্শকরাও বেশ উপভোগ করেছেন।’ আগামী বসন্তেও এ রকম আয়োজন করে যাবেন বলে জানান তিনি।