সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪০০ জনের একটি তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনস মাঠে তাদের হাতে পদক তুলে দেবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বিপিএম-সেবা’ এবং ২১০ জনকে ‘পিপিএম-সেবা’ দেওয়া হবে।
জানা যায়, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা-এই চার ক্যাটাগরিতে প্রতিবছর পুরস্কার দেওয়া হয়।
২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১১৫ পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম দেওয়া হয়। ২০২০ ও ২০২১ সালে দেওয়া হয় ২৩০ জনকে। ২০২০ সালে দেওয়া হয় ১১৮ জনকে। ২০১৯ সালে ৩৪৯, ২০১৮ সালে ১৮২, ২০১৭ সালে ১৩২, ২০১৬ সালে ১২২, ২০১৫ সালে ৮৬ জনকে পদক দেওয়া হয়।