জাবিতে প্রতিবাদ বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি অংশ।

নতুন কলাভবনের দেয়ালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার ঘটনায় জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি-সম্পাদককে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক দিয়ে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সঙ্গে সংহতি জানিয়ে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসভাপতি আশফার রহমান নবীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা ছিনতাইয়ের মতো অভিযোগ নেই। প্রশাসন এসব কর্মকান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কলুষিত করার পাঁয়তারা করছে।’

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন,  ‘প্রশাসন সেই দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে যারা ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে। কিন্তু বছরের পর বছর যারা র‌্যাগিং ও দুর্নীতির মতো অপরাধ করে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। যারা এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, মহাপরিকল্পনা প্রণয়নের দাবিতে কথা বলে তাদের দমিয়ে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার ও মামলা দেওয়ার অপচেষ্টা চালায়। কিন্তু মামলা-হামলা ও বহিষ্কারের ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’