তথ্য ও টেলিযোগাযোগ প্রযুুক্তি প্রতিমন্ত্রী জুয়েদ আহমেদ পলক বলেছেন, ‘পবিত্র রমজান মাসে সব জিনিসের দাম সাধ্য অনুযায়ী কম রাখা উচিত। অথচ কিছু অসাধু ব্যবসায়ী মজুদদারি করে দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট তৈরি করেন। তাদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় নারীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের আত্মকর্মস্থানের কোনো বিকল্প নেই। নারীরা স্মার্ট বাংলাদেশ জয়ের সারথি। সরকার নারীদের কর্মস্থান ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সমায়ের মধ্যে ১৩০ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে। সেখান থেকে প্রতি বছর দুই হাজার ছেলেমেয়ে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা নিয়ে নিজেদের আত্মকর্মস্থান করতে পারবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রধানমন্ত্রীর নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সুসংহতকরণে গৃহীত বহুমুখী কার্যক্রম বিশ^ব্যাপী প্রশংসিত এবং এ ক্ষেত্রে বাংলাদেশ আজ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল।’
পলক বলেন, প্রান্তিক পর্যায়ে সংগ্রামী ও সম্ভাবনাময় নারীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি হয়ে উঠতে পারে একটি অনবদ্য মাইলফলক।
কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর উপজেলার নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির ২৪০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।