কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার ভোরের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর ব্লক-ই/৫-এ অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)।
তাদের জিম্মা থেকে ৫টি একনলা বন্দুক, ১টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শটগানের কার্তুজ, ৩টি হাতে তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, ১টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছুরি, ১টি গুলতি এবং ২টি লোহার শিকল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর। তিনি বলেন, আরসা সদস্যরা নাশকতার উদ্দেশে ওই রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও গ্রেনেডসহ অবস্থান করছে, এমন তথ্য পেয়ে তারা অভিযান চালান।
আরসার চার সদস্যকে গ্রেপ্তার করা হলেও এ সময় আরও অন্তত ১০ জন পালিয়ে যায়। পরে একটি ব্যাগ তল্লাশি করে ওইসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এপিবিএন কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারকৃত আরসা সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আরও বলেন, গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।