পুকুরে ধরা পড়ল ৭০০ গ্রামের ইলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেটসংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামারের একটি পুকুরে ইলিশটি ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকেই ইলিশটি দেখতে আসেন।

খামারমালিকের ছেলে পূবালী ব্যাংকের কর্মকর্তা আবু নাছের বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পুকুরে সেচ দেওয়া শুরু করেন তিনি। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পুকুরের পানি কিছুটা কমে এলে লোকজন জাল দিয়ে মাছ ধরা শুরু করেন। এ সময় জালে একটি ইলিশ ধরা পড়ে। মাছটি দেখে তিনি নিজেই অবাক হন। পরে আশপাশের অনেকেই আসেন ইলিশটি দেখতে।

আবু নাছের বলেন, গত বছর তারা নদী থেকে ধরে আনা কিছু কোরাল মাছের পোনা পুকুরে ছেড়েছেন। ওই পোনার সঙ্গে ইলিশ মাছের পোনাও পুকুরে এসেছে বলে ধারণা তার। পুকুরে এখনো পুরো সেচ দেওয়া শেষ হয়নি। পুরো সেচ দিলে আরও ইলিশ পাওয়া যেতে পারে বলে তার ধারণা। ধরা পড়া ইলিশটি মেপে দেখেননি তারা। তবে মাছটির ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম হতে পারে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ধরা পড়া মাছটি ইলিশ মাছ, এতে কোনো সন্দেহ নেই। নদীর কাছাকাছি এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে পুকুরে ইলিশ মাছ আসার ঘটনা অস্বাভাবিক নয় বলে মনে করেন তিনি।