দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা যায়, ঘটনার পর সকাল সাড়ে ১০ টার দিকে রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়। এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।
পার্বতীপুর রেল স্টেশন সুত্র জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। বেলা ১২টা দিকে মালবাহী ট্রেন উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।
ওই ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেল লাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুত হয়েছে।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।