প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব জয়হীন থেকে শেষ করলো রহমতগঞ্জের মতো ব্রাদার্সও। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসির কাছে নবম ম্যাচে ৪-১ গোলে বিধস্ত হয়েছে গোপীবাগের দলটি। কলম্বিয়ার ফরোয়ার্ড এলদিস গার্সিয়া করেন হ্যাটট্রিক।
যদিও প্রথমার্ধটা ব্রাদার্সের জন্য ছিল অন্যরকম। ৪২ মিনিটে একক প্রচেষ্টার গোলে তাদেরকে এগিয়ে নেন রাহুল। তার প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ফিরিয়ে দিলেও গ্লাভসে জমাতে পারেননি। বাইলাইনের একটু ওপর থেকে ফের বল নিয়ে ফিরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
ইনজুরি টাইমে সৈয়দ শাহ কাজেম কিরমানির গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। পরে কলম্বিয়ান ফরোয়ার্ড এলদিস গার্সিয়ার হ্যাটট্রিকে তুলে নেয় নিজেদের তৃতীয় জয়। এবারের লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন শেখ রাসেলের বুরুন্ডির ফরোয়ার্ড সুলেমানি ল্যান্ড্রি।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ৭৭ মিনিটে ক্রিস্টিয়ান ভ্যালেরির ফ্রি কিক গোলকিপার আশরাফুল ইসলাম রানা ফিস্ট করার পর লাওয়াল মুরিতালার গায়ে লেগে জালে জড়ায়। পাঁচ মিনিট পর ওমর বাবৌয়েওর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে টোকায় ঠিকানায় পৌঁছে দেন তারই স্বদেশি পা ওমার সার।
১০ দলের লিগে ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের পেছনে আছে মোহামেডান ও আবাহনী। ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় ও ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। দারুণ জয়ে প্রথম পর্ব শেষ করা ফর্টিস ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ১০ পয়েন্ট নিয়ে পুলিশ সপ্তম। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী। ৯ ম্যাচ থেকে ব্রাদার্স ইউনিয়ানের সংগ্রহ মাত্র ৩!