বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা। আগামী মাস থেকে শুরু হওয়া তিন ফরম্যাটের এই সিরিজের আগেই দুঃসংবাদ পেলেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সদ্যসমাপ্ত আফগানিস্তান সিরিজে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের শাস্তি পেতে হচ্ছে তাকে।
আজ হাসারাঙ্গার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। শাস্তির জেরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক।
দাম্বুলায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোমর উচ্চতার উপরে 'বিমার' ডেলিভারি চোখ এড়িয়ে গিয়েছিল লেগ আম্পায়ার লিন্ডন হ্যানিব্যালের। তার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন হাসারাঙ্গা। নাম উল্লেখ না করলেও হাসারাঙ্গা লিন্ডনকে ইঙ্গিত করে বলেছিলেন, 'আম্পায়ারিং ছেড়ে অন্য কাজ করতে'। আইসিসি আইনের ২.১৩ এর ধারা অনুযায়ী শাস্তির আওতায় আনা হয়েছে হাসারাঙ্গাকে।
এ ঘটনায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে হাসারাঙ্গাকে তিন ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। আগের দুটি ডিমেরিট পয়েন্ট ছিল তার। ২৪ মাসের মধ্যে ৫টি ডিমেরিট পয়েন্ট পূর্ণ হওয়ায় একটি টেস্ট বা দুটি ওয়ানডে অথবা টি-টোয়েন্টি দুই ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাকে। এ ক্ষেত্রে যে সিরিজটি আগে আসবে সেটিতেই ভোগ করতে হবে শাস্তি।
ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না এই ফরম্যাটে লংকার অধিনায়ক হাসারাঙ্গা।
শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজও। আইসিসি আইনের ২.৪ ধারা ভঙ্গ করেছিলেন তিনি। গুরবাজ আম্পায়ারের নিষেধের পরে ব্যাটের গ্রিপ বদল করছিলেন। শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে।