‘নিয়েছি শপথ গড়ব দেশ, পরিষ্কার রাখব বাংলাদেশ’ এই স্লোগানে পাবনায় স্বেচ্ছাশ্রমে নদী দূষণমুক্ত করতে মাঠে নেমেছেন স্থানীয় একদল লোক। জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া কাকেশ্বরী নদীকে দূষণমুক্ত করতে সরকারের বরাদ্দের আশায় না থেকে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছে স্থানীয় ‘পুন্ডুরিয়া শান্তি সংঘ’ নামের সামাজিক সংগঠন। গত শুক্রবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমে গ্রামের সব বয়সের মানুষ হাতে হাত রেখে নেমেছেন কচুরিপানা ও ময়লা পরিষ্কারের কাজে। এতে সহযোগিতার হাত বাড়িয়েছেন জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
স্থানীয়রা জানান, এক সময়ের স্রোতস্বিনী কাকেশ্বরী নদী ক্রমাগত দখল দূষণে এখন মৃতপ্রায়। প্রতি বছর বর্ষায় কিছুটা পানি থাকলেও, পানি নেমে যাওয়ার পর জমে থাকা পানিতে কচুরিপানা পচে দূষিত হয়ে পড়ে নদী ও আশপাশের পরিবেশ। নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয় নদীর তীরের বাসিন্দারা। চাষাবাদ বা মাছ উৎপাদন কোনো কাজেই আসছে না এ নদী।
পুন্ডুরিয়া শান্তি সংঘের পরিচালক জহুরুল ইসলাম পাপ্পি বলেন, ‘পরিবেশ ও সচেতনতার অংশ হিসেবে আমরা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কাকেশ্বরী নদীতে সাত দিনব্যাপী কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছি।’
করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী বলেন, ‘নদী পরিষ্কার একটি ব্যয়বহুল কাজ। ইউনিয়ন পরিষদ বিষয়টি নিয়ে চেষ্টা করলেও বরাদ্দ পাওয়া কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার। তবে এলাকার তরুণ প্রজন্ম যেভাবে মাঠে নেমেছে তাতে কঠিন কাজ খুব সহজেই বাস্তবায়ন হয়ে যাবে। প্রতিটি এলাকার মানুষ নিজ উদ্যোগে সচেতন হলে দেশের নদীগুলো বাঁচানো সম্ভব হবে।’