মুন্সীগঞ্জ হাসপাতালে লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট সার্ভিসিং করার সময় লিফট থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ শিপন (৪৫)। গতকাল শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। শিপন ইমাম ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জেনারেল হাসপাতালে লিফট রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন শ্রমিকরা। লিফটের ছয়তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে  শিপন কিছুক্ষণ লিফটের দরজায় ঝুলে থাকার পর ছিটকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে লিফট রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তারা। এ সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ লিফটের বাটন চাপলে এই দুর্ঘটনা ঘটে।