৬ ম্যাচে ২৫ গোল, তবু মন ভরেনি আর্তেতার

পোর্তোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা বাদ দিলে দারুণ ফর্মে আছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা আছে জয়ের ধারায়। প্রতি ম্যাচেই করছে একাধিক গোল। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে ইপিএলে আর্সেনাল ৪-১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে।

এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে জিতল মিকেল আর্তেতার দল। এই সময়ে তারা গোল করেছে ২৫টি অর্থাৎ ম্যাচপ্রতি ৪টিরও বেশি গোল! হজম করেছে মাত্র তিনটি।

গেল নভেম্বরে নিউক্যাসলের মাঠে হেরেছিল আর্সেনাল। শনিবার নিজেদের মাঠ এমিরেটসে দাপট দেখিয়েছে গানাররা। আর কোচ আর্তেতা বললেন, আরও গোল করতে পারতাম। 'আজকে (পড়ুন শনিবার) আমরা আরও অনেক বেশি গোল করতে পারতাম। এতটাই দাপট ছিল আমাদের। এটা আমাদের ধরে রাখতে হবে। যে জায়গাগুলোয় উন্নতি করা সম্ভব, সেখানে উন্নতি করে যেতে হবে।'

ম্যাচের প্রথমার্ধে ২ গোল পেয়েছে আর্সেনাল। ১৮ মিনিটে আত্মঘাতী গোল সভেন বোটমানের। ২৪ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করেন কাই হাভার্টজ। বিরতির পর ৬৫ মিনিটে বুকায়ো সাকা ও ৬৯ মিনিটে জ্যাকুব কিউইর গোল করেন। ৮৪ মিনিটে নিউক্যাসলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জো উইলকের।

এই জয়ে পয়েন্ট তালিকায় ওপরে থাকা দুই দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ওপর চাপ ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৫৯, আর্সেনালের ৫৮।