বিপিএল নিয়ে হাতুরুসিংহে

সার্কাসের মতো লাগে, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। তবে প্রতিবারের মতো এবারের বিপিএল নিয়েও আছে নানা প্রশ্ন। বিপিএলের মান নিয়ে কথা হচ্ছে বহু আগে থেকেই। এবার বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এই টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। আরও নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। হাতুরুসিংহে জানান, বিপিএল দেখার সময় মাঝে মধ্যে তিনি টিভি বন্ধ করে দেন।

বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের ওপর। বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না, এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো, কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

বিপিএলে বড় কোনো বিদেশি ক্রিকেটার পুরো মৌসুম খেলছেন না। অনেকেই বিপিএলে আছেন আসা-যাওয়ার মধ্যে। হাথুরুসিংহের কাছে এটা একটা সার্কাসের মতো। তিনি বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’

হাথুরুসিংহে এমন একটি টুর্নামেন্ট চান যেখানে ব্যাটে-বলে নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে বাংলাদেশিদের। টপ তিনে ব্যাট করবে বাংলাদেশি ক্রিকেটাররা, ডেথ ওভারে বল করবেন তাসকিন-শরিফুলরা। 'এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। যেমন সেরা তিনের মধ্যে ব্যাটিং করা...বোলাররা ডেথ ওভারে বোলিং করবে। তা না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের মাত্র একটাই টুর্নামেন্ট।'

কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তাও বলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ। 'আমার মতে আমাদের বিপিএলের আগে আরও একটি টুর্নামেন্ট দরকার। ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের ইচ্ছেমতো যা খুশি করে (বিপিএলে)। আমার সেরা কিছু খেলোয়াড় (বিপিএলে) খেলার সুযোগই পাচ্ছে না। তো আপনি কিভাবে আশা করেন বাংলাদেশ অন্য দলগুলোর সঙ্গে পারবে। আমি ঘুমন্ত লড়াই লড়ছি।'