বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের জনগণ। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন।

হামাসের সঙ্গে চুক্তি করতে এবং জিম্মি ফেরত আনার বিষয়ে নেতানিয়াহুর ব্যর্থতার জন্য জন্যই এ বিক্ষোভের সূচনা হয়েছে দেশটিতে। খবর টাইমস অব ইসরায়েল।

স্থানীয় সময় শনিবার (২৪ ফেব্রুয়ারি) তেল আবিবে বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় বিক্ষোভকারীরা নতুন করে নির্বাচনের আহ্বান ও জানান।

হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি জানান বিক্ষোভকারীরা। তারা আরও বলেন, গাজাতে থাকা জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এজন্য তাকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে।

এ সময় তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। বিক্ষোভকারীদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সে সময় সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ।

তেল আবিব ছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করেছে। বিক্ষোভ করার সময় তেল আবিব থেকে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন, পুলিশের নির্দেশনা মানেননি বলে অভিযোগ পুলিশের।

টাইমস অব ইসরায়েল বলছে, গতকাল শনিবার সন্ধ্যায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে।

এদিকে, গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় আবার গতি পেয়েছে। আলোচনা করতে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধি দল।