মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: বিশ্ব ব্যাংকের এমডি

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যানা বেজার্ড বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের ইআরডি ভবনে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রায় সোয়া এক ঘণ্টা অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম অফিসিয়াল সফরে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড।