গাজা যুদ্ধবিরতির নতুন আলোচনা, প্যারিসে মোসাদপ্রধান

গাজা ভূখণ্ডে ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফ্রান্সের প্যারিসে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দিতে কাতারে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলি একটি প্রতিনিধি দলের।

এ ছাড়া এ বিষয়ে আলোচনার জন্য ইতিমধ্যে প্যারিসে গিয়েছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং তার প্রতিনিধি দল। খবর রয়টার্স ও আল জাজিরা।

প্যারিসে শুরু হওয়া যুদ্ধবিরতির নতুন আলোচনার জন্য সেখানে যুক্তরাষ্ট্র, মিসর, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধানেরা।

এদিকে আল জাজিরা জানিয়েছে যে, কাতারে প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গতকাল শনিবার এই অনুমোদন দেওয়া হয়।

বিভিন্ন সূত্রের বরাতে ইসরায়েলি গনমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৬ সপ্তাহের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে ইসরায়েল। এছাড়া হামাসের কাছে থাকা ৩০ থেকে ৪৫ ইসরায়েলি জিম্মির বিনিময়ে তেল আবিবের কারাগারে থাকা ২০০ থেকে ৩০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।

জিম্মিদের মুক্ত করার জন্য একটি সমঝোতায় পৌঁছাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ ক্রমাগতভাবে বেড়ে চলছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবিতে গতকাল ইসরায়েল হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।