ভারতের দীর্ঘতম ‘কেবল সেতু’ বা ঝুলন্ত সেতুর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘতম এই কেবল সেতুর নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’।
আজ রোববার স্থানীয় সময় সকালে গুজরাটে তিনি ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এ সেতুর উদ্বোধন করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ওখা এলাকার সঙ্গে ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছে এই সেতু। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি। ২০১৭ সালের অক্টোবরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি।
সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মোদী বলেছিলেন, এই সেতু পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন করবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সুদর্শন সেতু মাটি ও মানুষকে সংযুক্ত করে। এটি আমাদের উন্নয়ন এবং অগ্রগতি প্রতিশ্রুতির প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে’।
এই সেতুটির মাধ্যমে আশেপাশের এলাকার মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে আশা স্থানীয়দের।
এক বিবৃতিতে মোদির কার্যালয় জানায়, “চার লেনের ২৭ দশমিক ২ মিটার প্রশস্ত এই সেতুটির দুই পাশে আড়াই মিটার চওড়া ফুটপাত রয়েছে।
সেতুটি প্রথমে ‘সিগনেচার ব্রিজ’ নামে পরিচিত ছিল। পরে নাম পরিবর্তন করে সুদর্শন ব্রিজ রাখা হয়। হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ‘সুদর্শন’ শব্দটি নিয়ে সেতুটির নামকরণ করা হয়েছে। সেতুটির ফুটপাত সাজানো হয়েছে ভগবদ গীতার শ্লোক ও শ্রীকৃষ্ণের ছবি দিয়ে।