রাঁচি টেস্টে আজ তৃতীয় দিনে ভারতকে ৩০৭ রানে অলআউট করে ৪৬ রানের লিড পেয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে মাত্র ১৪৫ রানে। তাতে রাঁচি টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯২ রান। আর তৃতীয় দিনশেষে বিনা উইকেটে ৪০ রান তুলে জয় থেকে ১৫২ রান দূরে আছে ভারত। রোহিত ২৪ ও জয়সওয়াল ১৬ রানে অপরাজিত আছেন।
তবে নিজের প্রথম পাঁচ উইকেট শিকার দাদাকে উৎসর্গ করা ইংলিশ স্পিনার শোয়েব বশির বলেছেন, ‘এমন উইকেটে যেকোনো কিছু ঘটতে পারে। আমরা দেখেছি অশ্বিন ও জাদেজা কীভাবে বল করেছে। আমি ও টমি (টম হার্টলি) এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ১০টি উইকেট নিতে শুধু ১০টি সুযোগ তৈরি করতে হবে আমাদের।’
আজ রাঁচিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস পর্যন্ত উইকেট পড়েছে মোট ১৩টি। এই ১৩ উইকেটের ১২টি নিয়েছেন দুই দলের স্পিনাররা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১০ উইকেট নিয়েছেন ভারতের তিন স্পিনার মিলে। অশ্বিন ৫টি, কুলদিপ যাদব ৪টি উইকেট নেন। অপরটি রবীন্দ্র জাদেজার।
তার আগে ভারতের প্রথম ইনিংসের শেষ তিন উইকেটের দুটি নেন ইংলিশ স্পিনাররা।
রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৫১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে ৩৫তম বারের মতো পাঁচ উইকেট নিলেন অশ্বিন। তাতে ভারতীয় হিসেবে যৌথভাবে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া বোলার হলেন অশ্বিন। টেস্টে ৩৫ বার পাঁচ উইকেট আছে অনীল কুম্বলের।
ডাকেন ও পোপকে টানা দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন অশ্বিন।
অশ্বিন-যাদবের ঘুর্ণিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রানরেট ছিল ২.৬৯। যা স্টোকস-ম্যাককালামের 'বাজবল' জমানায় সর্বনিম্ন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। ৭৬ বল খেলে ১৭ রান করেন বেন ফোকস। এছাড়া জনি বেয়ারেস্টো আউট হন ব্যক্তিগত ৩০ রানে।