ওয়েম্বলি স্টেডিয়ামে আরও একটি মহাকাব্যিক ম্যাচের মঞ্চ তৈরি হয়েছে। ইএফএল কাপ বা কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চেলসি এবং লিভারপুল।
ইতিহাস এবং সাফল্যে সমৃদ্ধ উভয় ক্লাবই তাদের শোকেসে আরেকটি ট্রফি যোগ করতে চাইবে। চেলসির মারিসিও পচেত্তিনোর সামনে চ্যালেঞ্জ- নিজ দলের সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতা আদায়। অন্যদিকে লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ তার মেয়াদ শেষের আগে চাইবেন আরেকটি আনন্দের উপলক্ষ্য উপহার দিতে।
৯২ দলের থেকে চূড়ান্ত দুটিতে নেমে আসার এ সফরের ফাইনাল ম্যাচটি হবে রোমাঞ্চকর। ২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুল-টটেনহাম ম্যাচে দুই কোচ ছিলেন ক্লপ আর পচেত্তিনো। আজ রাতে আরেকটি ফাইনালে আবার মুখোমুখি দুজন। এ নিয়ে দ্বিতীয়বার এই ফাইনালে মুখোমুখো লিভারপুল-চেলসি।
পচেত্তিনো এবং ক্লপের মধ্যকার দ্বৈরথও বেশ পুরনো। এগিয়ে আছেন ক্লপই। দুজনের ১৩ বারের দেখায় ক্লপ ৭ বার হেসেছেন, একবার পচেত্তিনো। ড্র হয়েছে চারটি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের ওই ফাইনালেও ক্লপের লিভারপুল পচেত্তিনোর স্পার্সের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছিল। এবার তাই পচেত্তিনোর সামনে প্রতিশোধের মিশন।
প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা চেলসি রয়েছে টেবিলের ১১তম অবস্থানে। শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে জিতে একটি শিরোপা ঘরে তোলা কিছুটা হলেও চ্যাম্পিয়নস লিগ না খেলার ক্ষতে প্রলেপ লাগাতে সমর্থ হবে।
চেলসির রাহিম স্টার্লিং কিংবা লিভারপুলের লুইস দিয়াজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও তাদের চিহ্ন রেখে যাওয়ার জন্য প্রস্তুত। ভক্তরা তীব্রতা, নাটকীয়তা এবং শেষ পর্যন্ত গৌরবে ভরা একটি ম্যাচ তাই আশা করতেই পারেন। আজ রাত ৯টায় তাই কারাবাও কাপের ফাইনাল উত্তেজনা ছড়াবে নিঃসন্দেহে।