‘মাদকাসক্ত ছেলের হাতে’ বাবা খুন

টাঙ্গাইলের সখীপুরে নিজের ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ উপজেলার দাড়িপাকা গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী একজন মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। কিন্তু ঘটনার পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও স্থানীয়দের দাবি, ছেলেই হয়তো বাবাকে খুন করে পালিয়ে গেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।