গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ মার্কিন বিমানবাহিনীর এক সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ শরীরে আগুন দেন মার্কিন বিমানবাহিনীর ওই সক্রিয় সদস্য।
কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র জানায়, ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান তিনি।
বিবিসি প্রতিবেদনে বলা হয়, স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় ‘ফ্রি ফিলিস্তিন’। এটা চিৎকার করে বলার সঙ্গে সঙ্গে নিজ শরীরে আগুন ধরিয়ে দেন তিনি।
গাজায় কয়েক মাসের নির্বিচার হামলায় প্রায় ৩০ হাজার মানুষের প্রাণ গেছে। তাদের বেশির ভাগ নারী ও শিশু। এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অন্যদিকে ইসরায়েল সরকার জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় দেশটিতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে ২৫৩ জনকে।