নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দিলেন স্বামী।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। আহত পপি খাতুন (৪৯) ওই এলাকার মসে সরকারের (৬০) স্ত্রী।
পপি খাতুন জানান, সকালে তার স্বামী মসে সরকার ঘরে এসে ওড়না দিয়ে তার দুই হাত পেঁচিয়ে বেঁধে রেখে শারীরিকভাবে নির্যাতন করে। পরে হাতুড়ি দিয়ে তার হাতের ওপর আঘাত করতে থাকে। চিৎকার করার চেষ্টা করলে ব্লেড দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেয় এবং একপর্যায়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়।
স্থানীয়রা তার আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, আহত পপি খাতুন শরীরে বিভিন্ন অংশ ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তবে হাত ভেঙেছে কি-না তা এক্সরে করলে জানা যাবে।
বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।