নকল সরবরাহের দায়ে শিক্ষক আটক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার, আটক ও মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষক মিশু দে খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। গতকাল রবিবার এসএসসির গণিত পরীক্ষায় শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে তাকে বহিষ্কার করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত।

কেন্দ্রসচিব ও শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে এই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মিশু দে ১১৯ নম্বর কক্ষে শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করেন। যা পরবর্তীতে ওই কক্ষের মেঝে থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করলে নকল সরবরাহের বিষয়টি স্বীকার করেন তিনি।’

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, ‘১১৯ নম্বর কক্ষে ওই শিক্ষকের বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থী গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের পাস করিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষার ৭ (গ) প্রশ্নের উত্তর লিখে সরবরাহ করেন তিনি। এতে কেন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বহিষ্কার করে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০-এর-৯ ধারা মোতাবেক নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া তার এমপিও বাতিলের জন্য ম্যানেজিং কমিটির কাছে আমি চিঠি লিখব।’