পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন মরিয়ম নওয়াজ। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম নারী মুখ্যমন্ত্রী। মরিয়ম পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। তিনি পিএমএল-এনের নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি।

আজ সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্পিকার মালিক আহমেদ খান ঘোষণা করেছেন, পিএমএল-এনের মরিয়ম নওয়াজ ২২০ ভোট পেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সোমবার মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোটাভুটি বয়কট করে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এসআইসির প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ভোটের ফল জানিয়ে প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন।