মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য অলি আহমেদ মোল্লাকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অলি আহমেদ উপজেলার ভাকুম গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবন্ধী ওই নারীর বড় ভাই এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা করেছেন। আসামিকে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলায় বলা হয়েছে, ওই নারী রবিবার দুপুরে বাড়ির পাশে হাঁটতে বের হয়। এই সুযোগে তাকে পার্শ্ববর্তী একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসামি। এ সময় অলি আহম্মেদ মোল্লা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নেয়।