ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) অভিজিৎ হত্যার ৯ বছর পূর্তিতে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের উদ্যোগে এই মশাল মিছিল করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডাস এলাকায় শুরু হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এ সময় বিক্ষোভকারীরা মৌলবাদের আস্তানা/খুন হত্যার আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; মুক্তিযুদ্ধের বাংলায়/মত প্রকাশের বাংলায়, খুন হত্যার ঠাঁই নাই; মত প্রকাশের স্বাধীনতা, দমন করা চলবে না; কলম এবং চাপাতি, একসাথে চলে না; লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই; খুন হত্যা যেখানে, লড়াই হবে সেখানেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের আজকের দিনে বিশিষ্ট ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট অভিজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলেও দীর্ঘ ৯ বছরেও তার কোন বিচার হয়নি। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে, তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। আজকে মুক্তচিন্তার মানুষদেরকে হত্যা করে দেশকে মেধাশূণ্য করার চেষ্টা চালানো হচ্ছে। আবার তাদের সাথে একদল লোক আঁতাত করছে। কিন্তু আমরা বলবো অভিজিৎ যে মুক্তচিন্তার লড়াই শুরু করেছিলো, সেই লড়াই থেমে থাকবে না বরং মশালের অগ্নিশিখার ন্যায় আবারও জ্বলে উঠবে।
২০১৫ সালের গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন প্রকৌশলী, ব্লগার ও লেখক অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ গুরুতর জখম হন।