প্রযোজক না, এখানে আমি শুধুই শিল্পী

বড় পর্দা থেকে শুরু করে ওটিটি কিংবা বিজ্ঞাপন সব মাধ্যমেই বেশ ব্যস্ততা পার করছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। কিছুদিন আগেই শেষ করলেন বিজ্ঞাপনের শুটিং। মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, এলো নতুন সিনেমার খবর। সিনেমা এবং সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর

সর্বশেষ আপনার মুক্তি পাওয়া কাজ ‘টিকিট’। ওয়েব সিরিজটি থেকে কেমন সাড়া পেলেন?

ভেরি ইন্টারেস্টিং ফিডব্যাক পেয়েছি। চরিত্রটা এক্সপেরিমেন্টাল ছিল, একটু সাহস করেই করেছিলাম। কাজটি করে আমার ভালো লেগেছে। দর্শকদের কাছে মজা লেগেছে, ভালো লেগেছে। তারা কাজটি গ্রহণ করেছেন। এখনো মানুষ কাজটি দেখছে। মাউথ পাবলিসিটিতে কাজটি অনেক মানুষ পর্যন্ত ছড়িয়েছে। একটা ভিন্নধর্মী কাজ দর্শকরা উপভোগ করছেন, ভালো লাগছে।

‘সিকান্দার’ প্রসঙ্গে জানতে চাই...

গল্প শুনেছি, বেশ ভালো। এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। ভালো প্রি-প্রোডাকশন করতে পারলে একটা ভালো কিছু দাঁড়াবে। সাইনিং বা এখনো পর্যন্ত কোনো কিছুই লক হয়নি। পরিচালকের ভিশন, গল্পকার কীভাবে দেখাতে চাচ্ছে, সবকিছুর যদি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া হয় তাহলে কবে শুটিংয়ে যেতে পারব শুধু এগুলো নিয়েই কথা হয়েছে। এটাকে প্রাথমিক আলাপ বলা যেতে পারে।

সিনেমাটিতে আপনার সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার ইধিকা পাল। তার কোনো কাজ দেখা হয়েছে কি?

তার সঙ্গে আমার পরিচয় নেই, যেহেতু একসঙ্গে কাজ হয়নি তাই এখনো কিছু বলতে পারছি না। যদি কাজটা হয় তাহলে হয়তো বা কাজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব। ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখেছি। প্রথম সিনেমাতে বেশ ভালো অভিনয় করেছে, দর্শকও সাদরে গ্রহণ করেছে। প্রথম সিনেমাতেই একটা জায়গা তৈরি করতে পেরেছে। আমার মনে হয়, যদি একসঙ্গে কাজ হয় তাহলে আমাদের গল্পে তার আরও ভালো পারফরমেন্স দেখতে পাব।

শোনা যাচ্ছে, এই সিনেমাটির সঙ্গে আপনি প্রযোজনাতেও যুক্ত। এ বিষয়ে জানতে চাই...

কথাটা একদমই সত্য নয়। আমি প্রযোজনা করছি না। সিনেমাটি নির্মিত হবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে। কাজটির জন্য তারা আমাকে লিড কাস্ট হিসেবে অ্যাপ্রোচ করেছেন। এই বিষয়ে কথা বলেছেন তানিম রহমান অংশু, অনন্য মামুন, সরদার সানিয়াত ভাই। যদি কাজটি হয় তাহলে এখানে আমি শুধুই একজন শিল্পী, কোনো প্রযোজক না।

প্রযোজনায় আসা নিয়ে কোনো পরিকল্পনা করেছেন কি?

এখনই না। কিছু কিছু প্রজেক্ট থাকে যে কাজটার দায়িত্ব নিলে সেটা একটু ভালো কিংবা প্রপারলি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আমার প্রতিটা কাজেই শতভাগ ডেডিকেশন দেওয়ার চেষ্টা করি এবং টিম সাফার করুক এমন কিছু কখনোই আমি করতে চাই না। আমার টিমের জন্য যদি ভালো হয় এবং আমার এই সাপোর্টটা যদি একটা ভালো গল্পকে দর্শকদের সামনে নিয়ে আসতে সাহায্য করে তাহলে সেটা করতে আমার কোনো আপত্তি নেই। তখন আমি অবশ্যই চেষ্টা করব। এক্ষেত্রে গল্পটা ভালো হতে হবে এবং টিমের সবার মধ্যে সেই সাহসটা থাকতে হবে।

সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমাতে ঢাকার চেয়ে কলকাতার নায়িকাদের কদর বেশি বাড়ছে। এটা আসলে কেন হচ্ছে বলে মনে করেন আপনি, আমাদের এখানে কি নায়িকা সংকট?

বিষয়টা একদমই এরকম না। কয়েকটা হাইলাইটেড কাজে তাদের নিয়ে আলোচনা হওয়ার কারণে কিংবা তাদের উপস্থিতির কারণে এমনটা মনে হচ্ছে। আমার মনে হয়, আমাদের শিল্পীরা যথেষ্ট ভালো ভালো কাজ করছেন এবং নিয়মিতই করছেন। কিছু দিন পর পরই তাদের কাজ আসছে, সবাই সবার মতো করে কাজ করছেন। আর এই বিষয়টাতে অনেকগুলো পয়েন্ট কাজ করে। যেমন, কম সময়ের মধ্যে যখন একটা কাজ শেষ করতে হয় তখন অনেক সময় পরিচালক যাকে চাচ্ছেন অর্থাৎ সেই শিল্পীর শিডিউল পাওয়া একটু কঠিন হয়ে পড়ে। শিল্পীর শিডিউল একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজটির জন্য কতদিন প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, তার অ্যাভেইলেবল ডেট আছে কি না, এরকম অনেক বিষয় থাকে। আমাদের শিল্পীরা প্রায় সবাই বেশ ব্যস্ত থাকেন, ঈদের আগে বা বিশেষ দিবস ঘিরে কোনো কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকেন। যার কারণে অনেক সময় শিডিউলটা মেলে না। একজন পরিচালক অবশ্যই তার শিল্পীর ফুলটাইমটা পেতে চাইবেন প্রজেক্টের ভালোর জন্য। তখন গল্প, চরিত্র অনুযায়ী যাকে অ্যাভেইলেবল পাওয়া যায় এরকম কাউকে চুজ করেন। এরমধ্যে আমাদের শিল্পীদের উপস্থিতিই কিন্তু অনেক বেশি।

সাম্প্রতিক ব্যস্ততা কী নিয়ে?

একটা সিনেমার প্রস্তুতি নিচ্ছি, যেটার ঘোষণা হয়তো খুব শিগগিরই আসবে। ‘সিকান্দার’ নয়, অন্য আরেকটি সিনেমা যেটার জন্য অনেক দিন থেকে মানসিক-শারীরিক; সবভাবেই প্রস্তুতি নিচ্ছি। চেষ্টা করছি যতটুকু সময় দেওয়া যায়। এখন টেবিল ওয়ার্ক চলছে। সময় মতোই আসবে।

‘ইন দ্য রিং’ এবং কলকাতার সিনেমাটির সর্বশেষ আপডেট কী?

‘ইন দ্য রিং’-এর স্ক্রিপ্ট রি-রাইটিং হচ্ছে। এখন পর্যন্ত চূড়ান্ত ডেট পাইনি যেটা জানাতে পারব যে, কবে নাগাদ আমরা শুট শুরু করতে পারব। আর কলকাতার সিনেমাটির কাজ একদমই শেষের পথে। এখন সম্পাদনা চলছে। খুব সম্ভবত এ বছরই কোনো একটা উৎসবে সিনেমাটি মুক্তি পাবে।