দিনাজপুরের পার্বতীপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষার্থীর প্রসববেদনা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়ার পর একটি ছেলে শিশুর জন্ম দেন। গত রবিবার পার্বতীপুর শহরের বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন গণিত পরীক্ষা চলাকালে বেলা সোয়া ১১টার দিকে প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়েন পরীক্ষার্থী রুপা মনি (১৯)। পরে কেন্দ্র কর্তৃপক্ষ দুপুর ১২টার দিকে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। বিকেল ৩টার দিকে রুপা মনি স্বাভাবিকভাবেই একটি ছেলে শিশুর জন্ম দেন।
রুপা মনি পাশর্^বর্তী ফুলবাড়ী উপজেলার রাজারামপুর রামভদ্রপুর গ্রামের নাইম বাবুর স্ত্রী। তিনি উপজেলার হাবড়া ইউপির ভবানীপুর এলাকার পিরোজপুর হাইস্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।
কেন্দ্র সচিব ও বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আমিন সরকার বলেন, ‘ওই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রের মেডিকেল টিম তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’