ক্লাস বন্ধ রেখে স্কুলমাঠে ধর্মমন্ত্রীর সমাবেশ

জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়েছে। এই কর্মী সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। রবিবার বিকেল ৪টার দিকে চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ হয়। সমাবেশে তিনি বলেন, ‘২০০৮ সালের পরে ২০১৪ ও ১৮ সালে যে নির্বাচন হলো, আমিই তো আত্মতৃপ্তি পাইনি। আপনারা অনেকেই ভোট দিছেন আবার অনেকেই অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন। কত কিছু করছেন। এটাতে আত্মতৃপ্তি পাওয়া যায় না।’

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ওই কর্মী সমাবেশ বিকেল ৪টায় শুরু হলেও বেলা ১টা থেকেই উচ্চশব্দে মাইকিং করা হয়েছে। সকালে একটা ক্লাস নেওয়ার পর থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৪টার দিকে স্কুলশিক্ষার্থীদের মাঠের প্রবেশপথে দুই পাশে দাঁড় করানো হয় এবং সেখানে ধর্মমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষার্থীরা। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, শবেবরাতের জন্য ৫টি থেকে ৬টি ক্লাস করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের কারণে একটি ক্লাস করিয়েই পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে কিছু শিক্ষার্থীকে কয়েক ঘণ্টা অপেক্ষা করানোর পর মাঠে নামিয়ে সারিবদ্ধ করে মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য দাঁড় করিয়ে রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানদের রাজনীতি করার জন্য স্কুলে পাঠাই না। তাদের আমরা লেখাপড়া করার জন্য স্কুলে পাঠাই। তাহলে কেন ক্লাস বন্ধ রেখে রাজনৈতিক অনুষ্ঠান করা হলো। আবার আমাদের সন্তানদের দাঁড় করিয়ে রাখা হলো মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তাদের যা ইচ্ছা তারা তাই করল। মনে হচ্ছে দেশে কোনো নিয়ম নেই, কোনো আইন নেই।’

কর্মী সমাবেশের সভাপতি চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর ভক্ত মোল্লা দুদুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনিও ফোন রিসিভ করেননি। পরে অনুষ্ঠানটির সঞ্চালক চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল হালিম মোবাইল ফোনে বলেন, ‘মাইকিং শুরু হয়েছে অনেক পড়ে। আর মন্ত্রী সাহেব এসেছেন বিকেল ৪টার দিকে। এতে স্কুলের ক্লাসের কোনো ক্ষতি হওয়ার কথা না। আর একজন মন্ত্রীকে স্কুলে এনে কিছু দাবির কথা বলা হয়েছে, তাই স্কুলমাঠে অনুষ্ঠান করা হয়েছে।’