সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমালোচনা যারা করে তারা করবে, দেশেও করবে বিদেশেও করবে। ক্ষমতা যারা পায়নি তারা আন্দোলনে সফল হতে পারেনি। নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে। তারা এখন অচিরেই টের পাবে, তারা রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করেছে। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে না আসার জন্য বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে। গতকাল সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে জনগণের কাছে অসুস্থতার অজুহাতে যাননি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আসবে তখন হাতে লাঠি একটা নিয়ে মির্জা ফখরুল তাদের কাছে নালিশ করতে গিয়েছেন। নালিশ করা তাদের রাজনীতির পুরনো অভ্যাস। নালিশ তারা করবে জনগণের কাছে, জনগণের কাছে করার চেয়ে বিদেশিদের কাছে নালিশ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাজনীতিতে তারা গলাবাজি করবেন। এর জবাব তো আমাদের দিতে হবে। রাজনীতিকে রাজনীতিতে রূপান্তর চলছে। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার আমরা উপজেলা নির্বাচনে দল থেকে কাউকে মনোনয়ন দিচ্ছি না। নৌকা প্রতীকও দেওয়া হবে না। সবকিছু ওপেন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ওপেন থাকার সেই অভিজ্ঞতা নিতে চান।