ঘুষের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভূমি কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। তার ঘুষ লেনদেনের সময়ের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর জেরে ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।

ওই ভূমি কর্মকর্তার নাম গিয়াস উদ্দিন। তিনি কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ভূমি কার্যালয়ের আওতাধীন ঢালজোড়া ও আটাবহ ইউনিয়নের ভারপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহবাজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়াস উদ্দিন খাজনা-খারিজ দেওয়ার নামে নানাভাবে ঘুষ নিয়ে আসছিলেন। এর মধ্যে গতকাল সোমবার সকালের দিকে গোপনে ধারণ করা ওই কর্মকর্তার ঘুষ লেনদেনের একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে কল করে কোনো সাড়া মেলেনি।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোছাম্মৎ হাসিনা আক্তার বলেন, ‘আমরা এরই মধ্যে তার (গিয়াস উদ্দিন) বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাকে কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’