সিপিবির উপদেষ্টা পদ হারালেন মনজুরুল আহসান খান

পার্টির শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তার সদস্য পদ আগামী ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সিপিবির এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে জরুরি সভা হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী কমরেড মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। তার সদস্য পদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। সদস্য পদ স্থগিত থাকাকালে তার কার্যকলাপে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে সে ক্ষেত্রে পুনরায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, তিনি বিভিন্ন সময় দলের সিদ্ধান্ত ও গঠণতন্ত্রের বাইরে গিয়ে দলবিরোধী বক্তব্য দিয়েছেন। এর আগেও তাকে সতর্ক করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে অনেকগুলো অভিযোগ রয়েছে। এ বিষয়ে পাঁচ সদস্যর তদন্ত কমিটি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মনজুরুল আহসান খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমি শুনেছি তারা আমাকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছে। আমি চিঠি হাতে পাইনি। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমি আদালতে যাব।’