'আগ্রহী' হলে সালাহউদ্দিনকে কোচ বানাতে আপত্তি নেই পাপনের

সাকিব আল হাসান কিংবা লিটন দাস যখনই ফর্ম হারিয়েছেন, তখনই তারা আশ্রয় নেন মোহাম্মদ সালাহউদ্দিনের। হারানো ফর্ম ফিরে পেতে তারা ছুটে যান গুরুর কাছে। ফলও পান ক্রিকেটাররা। আর তাই তিনি দেশের সেরা কোচ। 

চলতি বিপিএলেও তার ম্যাজিকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স জায়গা করে নিয়েছে ফাইনালে। সোমবার কোয়ালিফায়ারের সেই জমজমাট ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। 

এরপর গণমাধ্যমের মুখোমুখি হলে জানতে চাওয়া হয় সালাউদ্দিনকে ভবিষ্যতে জাতীয় দলের কোচ করা হবে কিনা সে সম্পর্কে। 

জবাবে পাপন বলেন, 'আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম। এ কারণেই দিয়েছিলাম। আসলে কারা কারা আগ্রহী। আমার জানামতে, যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সাথে আমরা অনেকবারই যোগাযোগ করেছি। তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগ্রহী না হলে তো আনা যায় না। এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। কারা আবেদন করেছে কারা করেনি, আপনারা জানেন।'

আরো বলেন পাপন, 'স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি ঐ মানের... উনার মতো বা আরও আছেন ২-১ জন। তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিৎ... আমাদের সাথে সম্পৃক্ত করা।'

এর আগে দেশি এই কোচকে প্রশংসায় ভাসিয়েছিলেন কুমিল্লার ইংলিশ তারকা মঈন আলী। সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নন, সেটিও অবাক করেছিল মঈনকে, ‘তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছিল কি না। সে যা-ই হোক, তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ, সেরা ৫ কোচের একজন।’

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরু থেকেই তিনি দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ সালাউদ্দিন। দলটিকে জিতিয়েছেন ৪টি বিপিএল শিরোপাও।