সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

কুষ্টিয়ার কুমারখালীতে জিকে (গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প) ক্যানালের রাস্তার সরকারি গাছ কাটার সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার জেলা প্রতিনিধি।

যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর শেট ও সাজিপাড়া গ্রামের মাঝামাঝি এলাকায় এঘটনা ঘটেছে।

ভুক্তভোগী তুহিন আহমেদ জানান, যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে সরকারি বটগাছসহ মূল্যবান গাছ নিধনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। এসময় প্রায় অর্ধশত বছরের পুরনো একটি বটগাছ কাটার সময় ভিডিও সংগ্রহকালে যদুবয়রা ইউনিয়ন এর ২ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক খোকন ৪/৫ জনকে সাথে নিয়ে ভিডিও করায় বাধা সৃষ্টি করেন। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও এটিএন বাংলার ক্যামেরা পারসন সালাউদ্দিন আহমেদ মেজরের হাত থেকে ক্যামেরা ফেলে দেওয়া হয়। এসময় প্রতিবাদ করলে ইউপি সদস্য খোকন মারমুখী আচরণ করে এবং মারধরের হুমকি দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। এঘটনায় কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। খুব দ্রুত দোষীদের আটকপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।