সৌদিতে এক দিনে ৭ জনের মৃত্যুদণ্ড

‘সন্ত্রাসমূলক’ অপরাধে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২২ সালের মার্চ মাসে ৮১ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এক দিনে সর্বোচ্চ সংখ্যা এটি। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সাতজনকে ‘সন্ত্রাসী সংগঠন, সত্তা তৈরি ও অর্থায়ন করার’ দায়ে সাজা দিয়েছে। জাতীয়তা প্রকাশ করা না হলেও নাম-পদবি থেকে বোঝা যায় দণ্ডিতরা সৌদি নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

সরকারি ঘোষণার ওপর ভিত্তি করে এএফপি জানিয়েছে, ২০২৩ সালে ১৭০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর চলতি বছরে এখন পর্যন্ত ২৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০২২ সালে চীন ও ইরান ছাড়া অন্য যেকোনো দেশের চেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে রিয়াদ।