মুক্তিযোদ্ধা দলের সভাপতির গ্রেপ্তারে মির্জা ফখরুলের নিন্দা

মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার মাষ্টারপ্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে ডামি আওয়ামী সরকার। দেশের মানুষের রক্ত নিংড়িয়ে নিয়ে আগ্রাসী ফ্যাসিবাদ এখন ভয়াল মূর্তি ধারণ করেছে। গত ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের দৌরাত্ম সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। গুম-খুন-হামলা-মামলা-গ্রেপ্তার ও ফরমায়েশী সাজা প্রদানের দ্বারা বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে। ’

ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘স্বাধীন দেশে মানুষের সংবিধানস্বীকৃত অধিকারগুলোকে হরণ করে আওয়ামী শাসকগোষ্ঠী মধ্যযুগীয় রাজার শাসন কায়েম করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠলেও আওয়ামী সরকার জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা করছে। সরকারের অনাচার থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই মিথ্যা মামলায় গ্রেপ্তারের হিড়িক থামছে না।’ 

বিবৃতিতে তিনি বলেন, ‘ইশতিয়াক আজিজ উলফাতই কেবল মুক্তিযোদ্ধা ছিলেন না, তার পুরো পরিবারও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন। এমনকি তার বড় ভাই শহীদ হয়েছেন। আজ মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেই অবমাননা করল সরকার। 

বিএনপি মহাসচিব বিবৃতিতে ইশতিয়াক আজিজ উলফাত এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।