ভালোবাসা দিবসে অল্প সংখ্যক কাজে দেখা গেছে সাদিয়া আয়মানকে। এরমধ্যে কিছু নাটক উঠে এসেছে ট্রেন্ডিংয়ে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম সিনেমা ‘কাজলরেখা’।
বিশেষ দিবসে মুক্তি পেয়েছে অভিনেত্রীর তিনটি নাটক। সেগুলোর সাড়া প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘তিনটি নাটকের মধ্যে দুটির রেসপন্স খুবই ভালো। এর একটি মাবরুর রশিদ বান্নাহ ভাইয়ের ‘আলোর জোনাকি’। সকাল আহমেদের ‘একটা ছেলে মনের আঙিনাতে’ নাটকটি দু-তিন দিন আগে প্রকাশ হয়েছে। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া ফেলছে। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। দর্শক খুব পছন্দ করেছেন কাজটি। এখানে আমার সঙ্গে ছিলেন সৈয়দ জামান শাওন ভাই। আর বান্নাহ ভাইয়ের জোনাকির আলো নাটকের কথা তো বলার কিছু নেই। ভ্যালেন্টাইনের নাটক হিসেবে এটি ট্রেন্ডে। এখানে ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে জুটি হয়েছি। আরেকটি নাটক করেছি ফারহান ভাইয়ের সঙ্গে। নাম ‘একনজর না দেখলে তারে’। এটাও বেশ আলোচনায় ছিল। তবে অন্য দুটি নাটকের মতো এত সাড়া পায়নি।’
সামনে ঈদ। ভ্যালেন্টাইন শেষ হতে না হতেই শিল্পীদের নেমে পড়তে হচ্ছে ঈদের কাজগুলোর জন্য। নিজের ব্যস্ততা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ব্যস্ততাই তো সঙ্গী। সেই ‘মায়া শালিক’ দিয়ে শুরু, ধারাবাহিকভাবেই কাজ করছি। ঈদের জন্য অনেক কাজ নিয়ে আলাপ চলছে। কিছু কাজ করেছি। কিছু কাজ শুরু হবে শিগগিরই। খুব বেশি কাজ করতে চাই না। গৎবাঁধা কাজ করে আরাম নেই। বৈচিত্র্যময় গল্প ও চরিত্র হলে যেমন অভিনয় করে মজা পাই তেমনি রেসপন্সটাও ভালো আসে।’
প্রত্যকে অভিনয়শিল্পীরই কিছু পছন্দের চরিত্র থাকে, যেসবে নিজেকে দেখতে চান। এ রকম কিছু চরিত্র স্বপ্নে লালন করেন সাদিয়া আয়মানও। তার ভাষ্যে, অনেক চরিত্রেই কাজ করতে ইচ্ছে করে। তবে কিছু চরিত্র আছে যেগুলোয় অনেক চ্যালেঞ্জ থাকে, তেমন কাজের ইচ্ছেটাই বেশি। যেমন রাজি, উড়তা পাঞ্জাব, হাইওয়ে সিনেমাতে আলিয়া ভাট অভিনীত চরিত্রগুলোর আমেজের কাজ করতে চাই। এসব চরিত্র একদম বাস্তবধর্মী হয়। ভালো অভিনয় করতে পারলে দর্শক পছন্দ করেন। এর বাইরে যদি বলি দেবদাসের পারু চরিত্রটা আমার খুব ভালো লাগে। এই চরিত্রেও কাজ করতে চাই।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। এরপর অনেক সিনেমার প্রস্তাব এলেও বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। তার ফিরিয়ে দেওয়া সেসব সিনেমা হিট করেছে বলেও জানান সাদিয়া আয়মান। তিনি বলেন, ‘শুরু থেকেই অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। আমি করিনি কিন্তু মুক্তির পর সে সবের বেশ কয়েকটি সিনেমা হিটও হয়েছে। আমার কাছে মনে হয়েছে চরিত্রগুলো আমার জন্য পারফেক্ট না বা অন্য অনেক কারণও আছে। গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের ‘কাজলরেখা’ মুক্তির পর কেমন রেসপন্স আসে আগে সেটা দেখতে চাই। তারপর পরবর্তী সিনেমার সিদ্ধান্ত নেব।’