হাসপাতালে ফেলে পালানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ এক নবজাতককে ফেলে পালিয়ে যান তার বাবা-মা। গত শনিবার বিকেলে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে নবজাতকটিকে চিকিৎসাধীন রেখে তার বাবা-মা পরিচয় দেওয়া দুজন জরুরি বিভাগ থেকে ভর্তির কাগজ আনার কথা বলে আর ফিরে আসেননি।

সেই নবজাতকের একটি জন্মগত ত্রুটি ধরা পড়েছে। গত সোমবার রাতে শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশুটি ভালো আছে। তাকে বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম অহমেদ বলেন, ‘বাচ্চাটির প্রয়োজনীয় চিকিৎসা দিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল ও সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দিয়েছি। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির একটি জন্মগত ত্রুটি ধরা পড়েছে। এটি জানার সঙ্গে সঙ্গে সোমবার শিশুটির দ্রুত অপারেশনের নির্দেশনা দিয়েছি। তার অপারেশনও ভালোভাবে সম্পন্ন হয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে ছোটমনি নিবাসে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’