নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারী ইউপি সদস্যেরসহ অন্তত ১৬ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় টেঁটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। গত সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহেরচর গ্রামে দীর্ঘদিন ধরে শাহআলম ও জুলহাস মেম্বারের সঙ্গে আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের দ্বন্দ্ব চলছে। গত সোমবার রাতে শাহআলম ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শত শত লোক দা, ছুরি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা স্থানীয় নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর তারা একে একে ১৬টি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়। হামলায় টেঁটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়।
হামলার শিকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা জানান, এ রকম হামলার ঘটনা নজিরবিহীন।
এ বিষয়ে অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ‘এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।’