কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী প্রচারণাকালে মিছিল করার অভিযোগে বিএনপিপন্থি প্রার্থী কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে এই নোটিস দেওয়া হয়েছে।
সোমবার রাতে কুসিকের মেয়র পদের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এই নোটিস দেন। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল মঙ্গলবার সকালে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে নগরীর রেসকোর্স মোড় ও রেলওয়ে ফ্লাইওভার এলাকার রাস্তায় মিছিল করেন আপনি (নিজাম উদ্দিন কায়সার)। সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১(২) বিধি অনুসারে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন-পূর্ব সময়ে কোনো ধরনের মিছিল বা কোনো শোডাউন করতে পারেন না। এটি উক্ত বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই কার্যক্রমের জন্য কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
কারণ দর্শানোর নোটিসের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন কমিশন সব প্রার্থীকেই পর্যবেক্ষণে রেখেছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে নিজাম উদ্দিন কায়সার বলেন, আমি নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি। তবে চারদিকে এখন ঘোড়া মার্কার গণজোয়ার। আমি যেখানেই যাচ্ছি- সেখানে মানুষের ঢল নামছে। কুমিল্লার মানুষের কণ্ঠে একটাই কথা- তারা পরিবর্তন চায়। ভোটাররা প্রতিশ্রুতি দিচ্ছেন- যেহেতু পরিবর্তনের স্লোগান আমিই তুলেছি, এজন্য তারা আমার সঙ্গেই থাকবেন।
প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ২২ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ নির্বাচনে মোট চারজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।