হত্যার ৯ বছর পর আসামি গ্রেপ্তার

দৈনিক বণিক বার্তার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম কাওছার (৩৮) হত্যার পলাতক আসামিকে ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার এ এম এম ফয়সাল ওরফে পেডি (৩১) এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত। গতকাল মঙ্গলবার র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে গত সোমবার রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ফয়সাল মেহেরপুরের গাংনী উপজেলার মাহতাব উদ্দিনের ছেলে। নিহত জাহাঙ্গীর আলম কাওছার বণিক বার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ঘটনার তিনদিন পর ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কাওছারের স্ত্রী জানতে পারেন, খিলক্ষেতের নামাপাড়া বোডঘাট এলাকায় ৩৫-৩৬ বছর বয়সের একজন অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ একটি বাড়ির পঞ্চম তলায় লাগেজের মধ্যে রয়েছে। তার স্ত্রী খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় ওই বাড়িটির পঞ্চম তলায় ফ্ল্যাটের রুমের ভেতর লাগেজ থেকে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ও চোখ গামছা দিয়ে বাঁধা ও সারা শরীর ক্ষতবিক্ষত অবস্থায় স্বামীর মরদেহ শনাক্ত করেন।