সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ১০৬ বারেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার ধার্য তারিখে প্রতিবেদন না আসায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক নতুন করে আগামী ২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর আগে গত ২৩ জানুয়ারি ১০৫ বারেও প্রতিবেদন না আসায় গতকাল দিন ধার্য করেছিল আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকা-ের ঘটনায় ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। পরে ওই বছরের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। এর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। এরপর থেকে এ মামলা এখনো তদন্তেই আটকে আছে। ফলে চাঞ্চল্যকর এ হত্যাকা-টিও এখন পর্যন্ত বিচারের পর্যায়ে আসেনি।