নানা আয়োজনে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

রাজধানীতে নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কমিটি ঢাকা উত্তর ও দক্ষিণের সব নেতাকে সঙ্গে নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‌্যালি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

র‌্যালিতে মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার নেতৃত্বে ঢাকা মহানগর সভাপতি সাহিদা তারেক দীপ্তি (উত্তর) ও সাবেরা বেগম (দক্ষিণ) এবং সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী (উত্তর), পারুল আক্তারসহ (দক্ষিণ) কেন্দ্রীয় নেতারা, সব থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের পক্ষ থেকে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া নারীর অগ্রযাত্রায় অবিস্মরণীয় রাজনৈতিক কাজের অবদান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন সাবেক সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ (মরণোত্তর), সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, ‘মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আমাদের পূর্বসূরিদের যে সম্মাননা দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাঙালি মানুষের যে চেতনা, মানুষ যে আসলে নারী-পুরুষ মিলে মানুষ হয়। তাই নারী জাগরণের জন্য রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক  জাগরণের জন্য নারীদের আলাদা সংগঠন তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে পথ চলতে চলতে আজ এখানে এসেছে।’

অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন এই মহিলা আওয়ামী লীগ সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন।