ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে ২টি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচার মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম কোটচাঁদপুর পৌরসভার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি তাজুল ইসলাম নিজ বাড়িতে দলীয় লোকজন নিয়ে আইনশৃঙ্খলার অবনতিমূলক কার্যক্রমের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গেলে দলীয় অন্যান্য লোকজন পালিয়ে গেলেও আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক তার কোটচাঁদপুর পৌরসভার নিজ বাড়ি থেকে ১টি দেশীয় এলজি, শাটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আসামি মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের ২টি ধারায় ১০ ও ৭ বছর মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।